ময়মনসিংহের নান্দাইলে বিয়ের রাতে এক তরুণীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য
পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে এনেছিলেন ওমর ফারুক। বাড়িতে বিয়ের আনন্দ চলার মধ্যেই বাসর রাতে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এবং তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি দাবি করে ফারুকের বাড়িতে অবস্থান নেন তিনি। এমন পরিস্থিতিতে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান ফারুক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ফারুকের বাড়িতে অবস্থান করছিলেন ওই তরুণী। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আইনি প্রতিকার পেতে রোববার তিনি ময়মনসিংহ শহরে গেছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ফারুক বর্তমানে বাড়িতে নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনেন ওমর ফারুক। পরিবারের সদস্য ও স্বজনেরা বিয়ের আনন্দে ব্যস্ত থাকার সময়ই সেখানে উপস্থিত হন ওই অন্তঃসত্ত্বা তরুণী। তার দাবি, ফারুকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তার গর্ভে ফারুকের সন্তান বেড়ে উঠছে।
তরুণীর ভাষ্য, মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে ফারুকের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও অভিযোগ করেন তিনি।
তরুণীর দাবি, কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ফারুককে বিয়ের জন্য চাপ দিলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। এতে অনাগত সন্তানের ভবিষ্যৎ ও নিজের সামাজিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।
পরে ফারুক অন্য এক নারীকে বিয়ে করেছেন জানতে পেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার বাড়িতে যান ওই তরুণী। নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে ফারুকের সঙ্গে সরাসরি কথা বলাই ছিল তার উদ্দেশ্য। তবে সেখানে গিয়ে ফারুককে পাননি বলে জানা গেছে।
এদিকে ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাড়িতে এসে ফারুকের সঙ্গে সম্পর্কের কথা জানান। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।
নাজমা আক্তারের ভাষ্য, একপর্যায়ে ওই তরুণী চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। এমন পরিস্থিতি এড়াতে ফারুক নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, অনাগত সন্তানের পিতৃত্ব এবং এ বিষয়ে ফারুকের বক্তব্য—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায়, তাই তাকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com