মালয়েশিয়া নেওয়ার কথা বলে সাগরে ঘোরানোর পর কক্সবাজার সৈকতে নামিয়ে দেওয়া ২৮ জনকে উদ্ধার করে পুলিশ।
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার আশায় দালাল চক্রকে টাকা দিয়ে ট্রলারে উঠেছিলেন ৭২ জন। তাঁদের চার দিন বঙ্গোপসাগরে ঘোরানোর পর শেষ পর্যন্ত কাউকেই মালয়েশিয়া নেওয়া হয়নি। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে তাঁদের নামিয়ে দিয়ে পালিয়ে যান দালাল চক্রের সদস্যরা।
এ ঘটনায় সৈকত থেকে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকি যাত্রীরা সৈকত থেকে পালিয়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। তাঁদের প্রত্যেকেই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।
উদ্ধার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট কয়েকটি মাছ ধরার নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই রাতেই মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি উপকূলে অবস্থান নেয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ শুরু হয়। পরে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন মাঝিমাল্লারা। এরপর যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভিড়লে হইচই শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষেরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে বালুচরে উঠে আসেন। তাঁদের কেউ কেউ পাশের ঝাউবাগানে ঢুকে পড়েন। পরে কয়েকটি দল শহরের দিকে চলে যায়।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু বিরোধের জেরে দালাল চক্র গভীর রাতে তাঁদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাঁকে ও আরও ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নেওয়া হয়। পরে তাঁদের বড় একটি ট্রলারে তোলা হয়। সেখানে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।
ইলিয়াছের ভাষ্য অনুযায়ী, ৭২ জন যাত্রী নিয়ে ওই রাতেই ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছানোর পর মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর জেরেই শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভেড়ে। ট্রলারে মাঝিমাল্লা ও দালাল মিলিয়ে ১৭ জন ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com