শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রত্যাশা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা আমন্ত্রণপত্রটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাদরে আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে হুমায়ুন কবির বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি জনগণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com