মেট্রোরেলে গান গেয়ে ভাইরাল দুই শিশু ও তাদের বাবা ফিরোজ খান রনি
রাজধানীর মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার পরিচয় শনাক্ত হয়েছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা বিক্রি করে দেওয়া, একাধিক বিয়ে এবং শিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে।
ফিরোজ খান ঝালকাঠির স্থায়ী বাসিন্দা। ঢাকায় আসার আগে তিনি বরিশাল শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া প্রায় পাঁচ বছর বয়সী শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে ফিরোজের অভাব-অনটনের গল্প প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় স্ত্রী মারা যাওয়ার পর শিশুদের বাসায় রেখে ভিক্ষা করার বিষয়টি সামনে এলে তৎকালীন তথ্যমন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন।
তবে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক সাব্বির খান গণমাধ্যমকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি অটোরিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। পরে জানা যায়, প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে তিনি কারাভোগ করেছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। কিছুদিন পর বরিশাল লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করলেও সেই সংসার টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধরের পর উপহার পাওয়া অটোরিকশা দুটি বিক্রি করে শিশুদের নিয়ে ঢাকায় চলে আসেন বলে অভিযোগ করেন সাব্বির খান।
সাব্বির খানের অভিযোগ, মানুষের সহানুভূতি আদায় করে শিশুদের ব্যবহার করে ভিক্ষা করাই ফিরোজের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু দুটিকে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ফিরোজ নিজেও ভালো গান করেন। একবার রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। শিশু দুটিরও গানের কণ্ঠ ভালো।
এদিকে বরিশালের সাধুর বটতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ২০২৩ সালে শিশু দুটির করুণ গল্প ভাইরাল হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে সে সময় স্থানীয়রা বিষয়টি নিয়ে আস্থা না পাওয়ায় ফিরোজ খানকে নিবৃত করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শিশু দুটির বাবা ফিরোজ খান রনির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com