দিনাজপুরের ঘোড়াঘাটে পথবিড়াল হত্যার ঘটনায় দোকানিকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে ফাঁদ পেতে একটি পথবিড়াল হত্যার অভিযোগে বেকারি দোকানি সারোয়ার হোসেনকে ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল একটি পথবিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে দোকানি সারোয়ার হোসেন দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে খাবারের সন্ধানে দোকানে ঢুকে বিড়ালটি ওই ফাঁদে আটকা পড়ে। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটির মৃত্যু হয়। পরদিন সকালে দোকানের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়ে। এ ঘটনা জানার পর ক্ষুব্ধ স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান।
মেহেদী হাসান ইমুর অভিযোগ, দোকানের খাবার নষ্ট করার কারণে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে হত্যা করেছেন।
অন্যদিকে, নিজের দোষ স্বীকার করে দোকানি সারোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন তিনি।
ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ বলেন, ঘটনাটি জানার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে ডেকে পাঠানো হয়। পরে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান।
তিনি আরও বলেন, শাস্তি হিসেবে ওই দোকানিকে ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য তাঁকে সতর্ক করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com