কবর ভাঙচুরের দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: । ভিডিও থেকে নেওয়া
গাইবান্ধা সদর উপজেলায় জমির অংশ কম পাওয়ার অভিযোগে বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে কবর ভাঙচুরের ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির পাশে থাকা কবরটি বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক লাঠি দিয়ে আঘাত করে এবং লাথি মেরে কবরের বেড়া ভাঙছেন। এ সময় তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। একপর্যায়ে কবরের বেড়া ভেঙে তছনছ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আনালেরতাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মারা যাওয়ার আগে তাঁর চার বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দেন। তাঁর ছেলেরা হলেন—জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রেজ্জাক মিয়া, এজাদুল মিয়া ও শাহ আলম মিয়া শালু।
আব্দুল মান্নান মিয়ার কবরটি তাঁর দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জমির মধ্যে পড়েছে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর অভিযোগ, ইকবালকে জমির ভাগ বেশি দেওয়া হয়েছে। এ কারণে ওই জায়গাটি নিজের বলে দাবি করেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে বাবার কবরের ওপর উঠে ভাঙচুর চালান শালু বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কবর ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটির এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।
খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হাক্কানীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com