ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:২৩ এএম, ১৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে সামরিক তথ্য পাচারের অভিযোগ ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে

প্রকাশিত : ১২:২৩ এএম, ১৪ নভেম্বর ২০২৬

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডারের বিরুদ্ধে সামরিক তথ্য পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, ওই উইং কমান্ডার ভারতের যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করেছেন।

পুলিশের দাবি, এসব তথ্য ফাঁস ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানায়, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই উইং কমান্ডার। এ সময়ের মধ্যে তিনি গোপন সামরিক নথি পাচার করেন বলে অভিযোগ। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন বহনের সময় তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক ও তল্লাশি করা হলে বিষয়টি সামনে আসে।

নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথি

দিল্লি পুলিশের অভিযোগপত্রে তথ্য পাচারের একটি অস্বাভাবিক কৌশলের বিবরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানি এজেন্ট প্রথমে ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। এর বিনিময়ে উইং কমান্ডার ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন যুদ্ধপরিকল্পনার এক পৃষ্ঠার ছবি তুলে পাঠান।

পরে ওই কর্মকর্তা নিজেই লেনদেনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব ছিল, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথির একটি করে পৃষ্ঠা সরবরাহ করবেন।

যেসব সামরিক তথ্য পাচারের অভিযোগ

চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির বিস্তারিত তথ্য পাকিস্তানি এজেন্টকে দিয়েছেন।

পাচার হওয়া তথ্যের মধ্যে ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন, কার্যক্ষমতা, আকাশে ওড়ার স্থায়িত্ব এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি বা অস্ত্র-লক্ষ্য নির্ধারণ ব্যবস্থার স্পর্শকাতর বিবরণ ছিল বলে দাবি করেছে পুলিশ।

এ ছাড়া যুদ্ধাবস্থা তৈরি হলে ওই ড্রোন ইউনিটের সম্ভাব্য মোতায়েনস্থলের তথ্যও ফাঁস করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীদের মতে, এসব তথ্য শত্রুপক্ষের হাতে গেলে ভারতের সামরিক প্রস্তুতি ও রণকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, লাদাখের লেহ অঞ্চলে ভারতীয় যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার বিবরণও পাচার করেছেন ওই কর্মকর্তা। পাশাপাশি স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থান ও যুদ্ধকালীন সেনা মোতায়েনের পরিকল্পনাও পাকিস্তানি এজেন্টের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে।

অধীনস্থ পাঁচ কর্মকর্তার ডিভাইসে স্পাইওয়্যার স্থাপনের অভিযোগ

তদন্তে আরও অভিযোগ উঠেছে, পাকিস্তানি এজেন্ট ওই উইং কমান্ডারকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত কয়েকটি অ্যাপ এবং ওয়েব লিংক পাঠিয়েছিলেন। এসব ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে থাকা গোপন নথি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি।

চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা তাঁর অধীনে কর্মরত পাঁচ সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে ওই ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করার ব্যবস্থা করেছিলেন। পুলিশের সন্দেহ, এসব ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের গোপন যোগাযোগে প্রবেশ করাই ছিল এর উদ্দেশ্য।

হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা ও ছবি আদান-প্রদান

দিল্লি পুলিশের অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যকার যোগাযোগের ডিজিটাল তথ্যও তুলে ধরা হয়েছে।

উইং কমান্ডারের হোয়াটসঅ্যাপ ডেটা বিশ্লেষণ করে তাঁদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এসব ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা আর কী কী স্পর্শকাতর তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় সামরিক বাহিনীর ভেতরে বা বাইরে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com