শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাঁর প্রত্যর্পণের বিষয়টিকে আইনি ও কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান তিনি।
জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টিও সে রকম। তবে এটি কারিগরি বিষয়।’
বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতায় নয়াদিল্লি কোনো ভূমিকা রাখতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান কী, তা জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠান তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এ তথ্য জানা যায়।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকার কয়েক দফায় ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা এবং তাঁর দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনার জন্ম দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com