ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্রটি মাঝআকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার কথা জানান।
তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কোথায় সেটি ধ্বংস করা হয়েছে কিংবা এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি জোট। এ বিষয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার এ ঘোষণা এলো।
সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন অভিযানের সময় হুতিরা বারবার বলে আসছে, মক্কা বা মদিনার মতো পবিত্র শহর তাদের লক্ষ্য নয়। তবে গোষ্ঠীটি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ইয়ানবু বন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে ইয়ানবু গভর্নরেটে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা জারি করা হয়েছে।
লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু বন্দর সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের শেষ প্রান্ত। এই পাইপলাইনের মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যায়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেল ও জ্বালানি সরবরাহে বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখলে নেয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর পর ২০১৫ সালের মার্চ থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com