ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। ফাইল ছবি
ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত বহাল রেখেছে মালয়েশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এ বিষয়ে ভারতকে কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত জবাবে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ২০১০ সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
লিখিত জবাবে বলা হয়, ২০১৮ সালের ১৯ জানুয়ারি ভারত সরকার প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি কূটনৈতিক নোট পাঠায় ভারত।
মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য দাতুক ডা. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য তুলে ধরে। তিনি জানতে চেয়েছিলেন, জাকির নায়েককে ফেরত চেয়ে ভারত সর্বশেষ কবে আনুষ্ঠানিক আবেদন করেছে। পাশাপাশি ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
মন্ত্রণালয়ের জবাবে বলা হয়, মালয়েশিয়া জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন মামলার ঘটনায় দেশটির কর্তৃপক্ষ জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। তবে মালয়েশিয়া সরকার তাঁকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
সূত্র: দ্য এজ মালয়েশিয়া, বারনামা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com