নাঙ্গলকোটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণে সংসদ সদস্যের ভূমিকা থাকবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেছেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব সংসদ সদস্যের। তবে তিনি এককভাবে প্রার্থী ঠিক করবেন না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে বসে আলোচনা করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। এ ক্ষেত্রে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে রোববার বিকেলে প্রথম আলোকে সংসদ সদস্য বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে কেউ যাতে বিদ্রোহী প্রার্থী হওয়ার জন্য নেতাকর্মীদের উসকানি দিতে না পারেন, সে উদ্দেশ্যেই তিনি ওই বক্তব্য দিয়েছেন। তাঁর ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী থাকলে দলীয় প্রার্থীর জয় কঠিন হয়ে পড়ে।
মোবাশ্বের আলম আরও বলেন, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। তিনি এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা বলেননি বলেও দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com