দীপাবলি ও হোলিতে বিনা মূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে দীপাবলি ও হোলিতে বিনা মূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এ ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের প্রায় ১ কোটি ৮৯ লাখ উপকারভোগীর জন্য এলপিজি সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী। এ খাতে রাজ্য সরকার ২ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৮৯৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকারের ৩২৫ রুপি ভর্তুকি পাওয়ার পর গ্রাহককে দিতে হয় ৫৬৮ দশমিক ৫৫ রুপি। উৎসবে বিনা মূল্যে সিলিন্ডার পেলে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে দরিদ্র পরিবারগুলো মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
কংগ্রেস সরকারের আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগে গ্যাস-সংযোগ পেতে মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হতো। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য বিনা মূল্যে গ্যাস-সংযোগের ব্যবস্থা করেছে।
এদিকে, আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠিতব্য দীপোৎসবকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন আদিত্যনাথ। আয়োজনের প্রস্তুতি পর্যালোচনার সময় তিনি এ উৎসব সফল করার কথা বলেন। তাঁর মতে, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে এক করার বার্তা দেয় এ উৎসব।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টেও তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে জাতপাতের বিভাজন ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার অংশগ্রহণের উৎসবে পরিণত করেছে।
আদিত্যনাথ বলেন, বিভিন্ন মানুষ নিজ হাতে প্রদীপ জ্বালালে সেই আলো পুরো সমাজকে এক করে। জাতপাতের বিভাজন সমাজকে বিচ্ছিন্ন করে, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি মানুষকে একসূত্রে যুক্ত করে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com