ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:৫০ এএম, ০৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫০ এএম, ০৫ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দল

ডিজিটাল রিপোর্ট :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অবহেলার শিকার হয়ে গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি নজরে আসার পর তাঁর নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে একটি প্রতিনিধি দল বৃদ্ধের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে সহমর্মিতার বার্তা ও উপহার দেওয়া হয়।

জানা গেছে, সম্প্রতি ‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যায়।

সাক্ষাৎ শেষে মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল বৃদ্ধের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করা। তবে সরেজমিনে গিয়ে তাঁরা জানতে পারেন, ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে বাবাকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। পাশাপাশি আমৃত্যু তাঁর দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দিয়েছেন।

ছেলেদের এই পরিবর্তনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।

উল্লেখ্য, জীবনের দীর্ঘ সময় পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন হাজী শামসুল হক মোল্লা। সম্প্রতি নিজের জমিজমা ও সহায়-সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি অবহেলার শিকার হন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে বসতবাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি।

বৃদ্ধের খোঁজ নিতে যাওয়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com