ঘুমের প্রতিযোগিতায় বিজয়ী জিনিয়া চ্যাটার্জি
টানা দুই মাসের ঘুমবিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতেছেন ভারতের মুম্বাইয়ের এক নারী। পাশাপাশি পেয়েছেন স্পনসর প্রতিষ্ঠানের সৌজন্যে ছুটি কাটানোর সুযোগ। জিনিয়া চ্যাটার্জি নামের ওই নারী ভারতের ‘স্লিপ চ্যাম্পিয়ন’ নির্বাচিত হয়েছেন। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করেছিলেন দেশটির দুই লাখের বেশি মানুষ।
গৃহসজ্জা ও আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েকফিট (Wakefit) আয়োজিত এ প্রতিযোগিতার নাম ‘স্লিপ ইন্টার্নশিপ’। এতে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট ঘুমের সময়সূচি মেনে চলা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং প্রতি সপ্তাহে বিভিন্ন সৃজনশীল চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে।
দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রায় ৬০ দিন ধরে তাঁদের ঘুমের মান পর্যবেক্ষণ করা হয়। প্রতিদিনের ঘুমের স্কোরের ভিত্তিতে তৈরি করা হতো প্রতিযোগীদের অবস্থান।
প্রতিযোগিতায় ছিল নানা মজার আয়োজন। ‘স্লিপ সিনেমা চ্যালেঞ্জে’ ঘুমের বিষয়বস্তু যুক্ত করে বিখ্যাত সিনেমার দৃশ্য পুনর্নির্মাণ করতে হতো। ‘স্লিপ বিঙ্গো’তে এক সপ্তাহের ঘুমের অভ্যাস মূল্যায়ন করতে হতো। আর ‘আন্ডারকভার স্লিপ মিশন’-এ কথোপকথনের মধ্যে অন্যদের বুঝতে না দিয়ে ‘কম্বল’ কিংবা ‘বালিশ’ শব্দ দুটি ১০ বার ব্যবহার করার চ্যালেঞ্জ ছিল।
চূড়ান্ত পর্বে জিনিয়া চ্যাটার্জিসহ চার প্রতিযোগী অংশ নেন। সেখানে তাঁদের স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও ঘুমের পরিবেশ তৈরির দক্ষতা যাচাই করা হয়। সবশেষে ঘুমের স্কোরের ভিত্তিতে বিজয়ী হন জিনিয়া। পুরস্কার হিসেবে তিনি পান ৯ লাখ ৬০ হাজার রুপি এবং ওয়েকফিটের সৌজন্যে ছুটি কাটানোর সুযোগ।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার চারটি আসরে এ পর্যন্ত ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
সূত্র: এনডিটিভি
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com