ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:১৩ এএম, ১০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

প্রকাশিত : ১২:১৩ এএম, ১০ নভেম্বর ২০২৬

ব্যাংকের ঋণসংক্রান্ত আইনি নোটিশের মুখে চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা

ডিজিটাল রিপোর্ট :

একসময় চলচ্চিত্রের পর্দায় দাপুটে উপস্থিতি এবং তৈরি পোশাক শিল্পে বড় ব্যবসার জন্য আলোচনায় ছিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তবে বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও কঠিন সময় পার করছেন তিনি। শত শত কোটি টাকার ঋণ, কারখানার কার্যক্রম বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার অনন্ত জলিল ও তাঁর স্ত্রী অভিনেত্রী বর্ষার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।

ব্যাংকটির দাবি, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে তাদের পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

আইনি নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০০ টাকার একটি টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন অনন্ত জলিল। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।

তবে গত ২ নভেম্বর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে তাঁকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।

ব্যাংকঋণের পাশাপাশি গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। অনন্ত জলিলের ভাষ্য, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাক শিল্পে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর একে একে গড়ে তোলেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। পাশাপাশি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ওই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা।

পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড। চলচ্চিত্রে সাফল্যের স্বপ্ন দেখানো এই তারকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন বড় চ্যালেঞ্জের মুখে। একদিকে বিপুল অঙ্কের ঋণ, অন্যদিকে কারখানার কার্যক্রম ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com