ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক :
প্রকাশিত : ১১:২৫ পিএম, ১২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জর্ডানে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

প্রকাশিত : ১১:২৫ পিএম, ১২ নভেম্বর ২০২৬

জর্ডানের আবু উবাইদা মসজিদে ওজুর পানি শোধন করে বাগানের গাছে সেচ দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক :

জর্ডানের জর্ডান ভ্যালির দাইর আলা অঞ্চলে অবস্থিত আবু উবাইদা মসজিদ। চারপাশের রুক্ষ ও শুষ্ক পাহাড়ের মাঝে মসজিদটির সবুজ বাগান যেন এক টুকরো মরুদ্যান। তবে এই বাগানের সবুজ ধরে রাখতে ব্যবহার করা হয় না সরকারি পানির লাইন। মুসল্লিদের ওজুর পর ফেলে দেওয়া পানিই শোধন করে কাজে লাগানো হচ্ছে গাছের সেচে।

জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ। সেখানে মাথাপিছু নবায়নযোগ্য মিঠা পানির পরিমাণ বছরে মাত্র ৬১ ঘনমিটার। জাতিসংঘের নির্ধারিত পানিসংকটের সীমা ৫০০ ঘনমিটারের তুলনায় এই পরিমাণ অনেক কম। এমন পরিস্থিতিতে পানির প্রতিটি ফোঁটাই দেশটির মানুষের কাছে মূল্যবান।

আবু উবাইদা মসজিদে ওজুর পর ব্যবহৃত পানি সরাসরি নর্দমায় ফেলে দেওয়া হয় না। পাইপের মাধ্যমে তা নির্দিষ্ট স্থানে নিয়ে শোধন করা হয়। এরপর ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতিতে গাছের গোড়ায় সরবরাহ করা হয়। এতে মসজিদের বাগানের গাছপালা বাঁচাতে সরকারি পানির ওপর নির্ভর করতে হচ্ছে না।

এই পানি সংরক্ষণ ও শোধনব্যবস্থা পরিচালনা করছে জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জাকা)। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওসান বলেন, এখানকার মানুষ পানিসংকটের বিষয়টি ভালোভাবেই বোঝেন। কারণ, তাঁরা প্রতিদিন এই বাস্তবতার মধ্য দিয়ে যান। মসজিদে ধর্মীয় মূল্যবোধ হিসেবে পানি সংরক্ষণের যে শিক্ষা দেওয়া হয়, বাস্তবেও তা প্রয়োগ করা সম্ভব—এটি দেখানোই তাঁদের উদ্যোগের উদ্দেশ্য।

জর্ডানের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৩ লাখ। এর মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ মুসলিম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে তাঁদের ওজু করতে হয়। দেশটিতে সরকারিভাবে পানি রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হয়। কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের পানির জন্য বাড়ির ছাদে রাখা ট্যাংকের ওপর নির্ভর করতে হয়।

২০২৫ সালের একটি গবেষণা অনুযায়ী, বিশ্বে প্রায় ৩৬ লাখ মসজিদে প্রতি বছর ওজুর কাজে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহৃত হয়। জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মসজিদের সংখ্যা ৭ হাজার ৩০০টির বেশি।

জাকা ২০০৮ সাল থেকে ওজুর পানি পুনর্ব্যবহারের বিষয়ে কাজ করছে। আবু উবাইদা মসজিদের ওজুখানার নিচে বসানো পাইপের মাধ্যমে ব্যবহৃত পানি একটি শোধনাগারে নেওয়া হয়। সেখানে পরিশোধন ও ফিল্টার করার পর তা মসজিদের বাইরের বাগানের গাছপালায় সেচের কাজে ব্যবহার করা হয়।

আহমেদ আল-রওসান জানান, ওজুর সময় সাধারণত সাবান ব্যবহার করা হয় না। ফলে পানিতে এমন কোনো রাসায়নিক থাকে না, যা শোধনপ্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। বালিপাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করেই প্রাকৃতিক উপায়ে তা সেচের উপযোগী করা সম্ভব।

মসজিদের পাশের দেয়ালে লাগানো একটি সাদা সাইনবোর্ডে প্রকল্পটির উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পানি সংরক্ষণ এবং মসজিদের পরিবেশ উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পে প্রধান অংশীদার হিসেবে জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের লোগোও যুক্ত রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com