জরুরি সচিব সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন ও রাজনৈতিক আলোচনার মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো এবং মন্ত্রণালয়গুলোর কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দিনের নিয়মিত কর্মসূচি শুরুর পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত জরুরি নোটিশে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক আহ্বান করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব জানতে চান, প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তারা কাজে গতি না বাড়িয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য প্রস্তুত করা প্রস্তাব ও সারসংক্ষেপ (সামারি) যেন বিলম্ব না করে দ্রুত পাঠানো হয়, সে নির্দেশনাও দেন তিনি।
এ ছাড়া চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সাধারণ মানুষের সামনে জোরালোভাবে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া এক সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে—এ বার্তা তুলে ধরার পাশাপাশি দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
প্রশাসনের অভ্যন্তরে ডিসেম্বর প্রসঙ্গটি সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তিনি। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেন। এ ঘটনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই; এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এ ধরনের আবেদন করার সুযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com