অধ্যাপক আসিফ নজরুলের ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি জানান আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেন তিনি। তার ফোন নম্বর থেকে বা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।
পরে ঘটনার বিস্তারিত জানিয়ে আসিফ নজরুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। গরম লাগায় গাড়ির জানালার কাচ নামিয়ে রেখেছিলেন। এ সময় গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।
গাড়িটি শুক্রাবাদে পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ দ্রুত জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে তাকে ধাওয়া করার চেষ্টা করলেও ছিনতাইকারী ভিড়ের মধ্যে হারিয়ে যায়।
নিজের অসতর্কতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ফোনটি শনাক্ত ও উদ্ধারের পাশাপাশি ছিনতাইকারীকে গ্রেপ্তারে কাজ করছে।
দ্রুত ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com