সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী ও তার স্বামী ব্লগার আসাদ নূর
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে তার স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবার এসব সমালোচনার জবাবে দীর্ঘ বক্তব্য দিয়েছেন পারশা। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’
সম্প্রতি নিজের বিয়ের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ ঢেকে রাখায় তার পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়। পরে গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেন স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর। এরপর তাদের বিয়ে ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও বাড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে পারশা বিয়ের সিদ্ধান্ত, পারিবারিক পরিবেশ, ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, বিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের একক প্রথা নয়। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকেই বিবাহের সামাজিক ও আইনগত স্বীকৃতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান এই শিল্পী। তার কাছে বিয়ে শুধু বিলাসী বিষয় নয়, বরং সামাজিক ও মানসিক প্রয়োজনীয়তা।
জীবনসঙ্গী হিসেবে আসাদের প্রশংসা করে পারশা লেখেন, তিনি এমন একজন মানুষ চেয়েছিলেন, যিনি তাকে ভালোবাসার পাশাপাশি তার কাজকে সম্মান করবেন এবং অনুভূতি বুঝবেন। তার দাবি, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি তার বাবা ছাড়া আগে কখনো পাননি। আসাদের কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি যত্ন তাকে মুগ্ধ করে।
সমালোচকদের উদ্দেশে পারশা বলেন, আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন। তার সব বক্তব্যের সঙ্গে পারশার নিজেরও একমত হওয়া জরুরি নয়। তবে শুধু ‘নাস্তিক’ বা ‘ধর্মহীন’ পরিচয়ে একজন মানুষকে বিচার না করে মানুষ এবং তার জীবনসঙ্গী হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
নিজের পারিবারিক পরিবেশের কথা তুলে ধরে পারশা জানান, শুরুতে তার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তারা নিজেদের আশঙ্কার কথা জানিয়েছিলেন, তবে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় বাধা দেননি। তার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তার লেখা বই ও গবেষণাও রয়েছে। ভাবিও নিকাব করেন এবং পরিবারের মধ্যে পর্দার নিয়ম মেনে চলেন। কিন্তু পরিবারের কেউ কখনো তার গানবাজনা কিংবা জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি।
পারশার ভাষ্য, পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকে তারা মনুষ্যত্বের গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে দেখেন। তার বন্ধুমহলেও বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ রয়েছেন। কারও ভালোবাসা পাওয়ার জন্য নিজের বিশ্বাসের সঙ্গে অন্যের বিশ্বাস মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানান তিনি।
ধর্ম পালনকারীদের সঙ্গে তার কোনো বিরোধ নেই উল্লেখ করে পারশা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে তার অবস্থান। বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেন তিনি। তার মতে, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের জায়গা হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার তার নিজের।
নিজের শিল্পীসত্তা ও ধর্মীয় পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেছেন পারশা। গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন তিনি। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ থাকলেও নিজের জীবনযাপন যে কঠোর ধর্মীয় অনুশাসনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, তা স্বীকার করেন এই শিল্পী। তার কাছে শিল্পচর্চা ছেড়ে দেওয়া মানে নিজের সত্তাকে অস্বীকার করা।
তবে ইসলাম থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মতো শিক্ষাগুলো এখনো ধারণ করেন বলে জানান পারশা। তার মতে, ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলতে না পারলে শুধু সামাজিক স্বীকৃতির জন্য ধার্মিকতার অভিনয় করার কোনো অর্থ নেই।
নিজের জীবনযাপনের প্রসঙ্গে পারশা বলেন, তিনি কখনো ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কিছু গ্রহণ করেননি। কারও ক্ষতি বা প্রতারণা করেননি। বরং পশুপাখির যত্ন নেওয়া এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। মুখে এক কথা বলে আড়ালে অন্য জীবনযাপন করার অভ্যাসও তার নেই বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে স্বামী আসাদ নূরের বেড়ে ওঠা ও অতীত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন পারশা। জানান, দুজনের পারিবারিক পরিবেশ ও বেড়ে ওঠার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। পারশা নিজেকে সুবিধাপ্রাপ্ত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে জানান, তিনি উত্তরবঙ্গের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছেন। তার বাবা পিএইচডিধারী অধ্যাপক। পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন।
অন্যদিকে আসাদের বাবা একজন হাইস্কুল শিক্ষক। পরিবারটি ছিল অত্যন্ত ধর্মপ্রাণ। দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আসাদের বাবা তাকে মাদরাসায় ভর্তি করান। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। পারশার বর্ণনা অনুযায়ী, মাদরাসায় পড়ার সময় আসাদ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানার পর তার বাবা তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন।
পারশা জানান, ওই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মচর্চা অব্যাহত রেখেছিলেন। তবে কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হওয়ার পর তার মনে ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও বিচার-বিশ্লেষণের পর একসময় তিনি ধর্মবিশ্বাস থেকে সরে আসেন বলে দাবি করেন পারশা।
আসাদের পরবর্তী জীবনের নানা ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। পারশার দাবি, বাংলাদেশে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়। এসব ঘটনার পর তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন বলে জানান পারশা। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পারশার মতে, অতীত অভিজ্ঞতা ও সামাজিক প্রত্যাখ্যান আসাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই বদলে গেছেন। জীবনকে নতুন করে দেখছেন, শিখছেন এবং নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন। তাই অতীতের পরিচয়ের ভিত্তিতে তাকে বিচার না করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।
আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছেন পারশা। তার ভাষ্য, কানাডায় থাকলেও আসাদ দেশীয় খাবার পছন্দ করেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আলাদা হওয়ার কথা নয় বলে মনে করেন তিনি।
সবশেষে নিজের দেশ, শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে পারশা লেখেন, বাংলাদেশ তার দেশ। এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা অন্য কারও অনুমতির ওপর নিজের দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।
ভাষা আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, নিজের শেকড় অস্বীকার করা যদি এত সহজ হতো, তাহলে অনেকেই হয়তো বাংলা ভাষা ছেড়ে উর্দুতে কথা বলতেন।
বিয়ের খবর প্রকাশের পর স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com