ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:৩৪ এএম, ০৯ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গণস্বাক্ষর আবেদন

প্রকাশিত : ০৪:৩৪ এএম, ০৯ নভেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে অনলাইন পিটিশনে গণস্বাক্ষর কর্মসূচি

ডিজিটাল রিপোর্ট :

কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এই আবেদনে রোববার পর্যন্ত ৯৬০ জন স্বাক্ষর করেছেন।

মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ আবেদনটি শুরু করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

পিটিশনে দাবি করা হয়েছে, পূর্ববর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। তিনি খুনি নন, অথচ একটি হত্যা মামলায় তাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এ অবস্থায় তার মুক্তির বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও পিটিশনে দাবি করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন আবেদনকারী। একই সঙ্গে তার আইনজীবীদের আদালতে উপস্থিত হতে না পারা এবং তার পক্ষে আইনি লড়াই করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। পিটিশনে তার জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও এসব অভিযোগের সমর্থনে কোনো স্বতন্ত্র প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পিটিশনে বাংলাদেশের বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়েছে। ২০১২ সাল থেকে রামু, নাসিরনগর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলা, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে আইনটি বাতিলের বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পিটিশনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ন্যায়সংগত বিচার এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com