কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়ির সামনে পাওয়া কাফনের কাপড় ও রহস্যজনক চিরকু
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনির (৪০) বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়। বাচ্চু মালিথা ফকির মালিথার ছেলে এবং মনিরুজ্জামান মনির জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী ও প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনিরুজ্জামান মনির বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com