ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:০৪ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণে এনসিপির দাবি, সাইনবোর্ড ভাঙার ঘটনায় ক্ষুব্ধ নাতনি

প্রকাশিত : ০৭:০৪ এএম, ০৮ নভেম্বর ২০২৬

কুমিল্লার ধর্মসাগর পাড়ে ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন

ডিজিটাল রিপোর্ট :

কুমিল্লার ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে বাড়িটির সামনে জড়ো হয়ে একটি সাইনবোর্ড ভেঙে ফেলেছেন দলটির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা।

গত রাতে এ ঘটনা ঘটে। এনসিপি নেতাদের দাবি, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি বিক্রির পাঁয়তারা চলছে। বাড়িটি রক্ষার দাবিতে তারা সাইনবোর্ডটি ভেঙেছেন। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে সাইনবোর্ড ভাঙার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরমা দত্ত। তিনি *দ্য ডেইলি স্টার*কে বলেন, বাড়িটি তাঁদের পৈতৃক সম্পত্তি। সেখানে কী করা হবে বা সম্পত্তি বিক্রি করা হবে কি না, সেটি পরিবারের সিদ্ধান্ত।

আরমা দত্তের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র তাঁদের সম্পত্তি বেদখলের চেষ্টা করছে। তিনি বলেন, আইনগতভাবে লাগানো সাইনবোর্ড রাতের আঁধারে ভেঙে ফেলা দুঃখজনক।

সম্প্রতি উত্তরাধিকার সূত্রে বাড়িটির মালিকানা দাবি করে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করেছিলেন আরমা দত্ত। তিনি ধীরেন্দ্রনাথ দত্তের একমাত্র ছেলে সঞ্জীব দত্তের মেয়ে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি আগেও একাধিকবার উঠেছে। তবে তা বাস্তবায়িত হয়নি। এনসিপি নেতাদের দাবি, বাড়িটির মূল স্থাপনা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

এনসিপির কুমিল্লা মহানগর কমিটির সদস্যসচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়িটি শুধু একটি স্থাপনা নয়; এটি দেশের ইতিহাস, বিশেষ করে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মারক। বাড়িটি সংরক্ষণে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে দলটি। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও জমা দেবে তারা।

কাওসার *দ্য ডেইলি স্টার*কে বলেন, ঐতিহাসিক বাড়িটি রক্ষার উদ্দেশ্যেই সাইনবোর্ডটি ভাঙা হয়েছে। সরকার ও সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে আরমা দত্তের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। জমি বিক্রি বা সেখানে বহুতল ভবন নির্মাণের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com