পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছেন কলি রানী
জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। স্বাভাবিকভাবে কলম ধরার সুযোগও হয়নি কখনো। তবে শারীরিক সীমাবদ্ধতা দমাতে পারেনি পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন কলি রানী। রংপুরের কাউনিয়া কলেজের এই শিক্ষার্থীর লক্ষ্য এখন উচ্চশিক্ষা শেষে বিসিএস ক্যাডার হওয়া।
কলি রানীর বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার পাগলু গ্রামে। প্রমাত মনোরঞ্জন রায়ের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার ছোট তিনি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান কলি। এরপর মা রূপসালী রানী ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা এবং নিজের অধ্যবসায়ে এগিয়ে নিয়েছেন পড়াশোনা।
মা রূপসালী রানী জানান, জন্ম থেকেই কলির দুই হাতের আঙুল নেই। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলেছে সে। নানা প্রতিবন্ধকতা থাকলেও পড়াশোনার প্রতি তার আগ্রহ কখনো কমেনি। পরিবারের পাশাপাশি সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও পারদর্শী কলি। পা ব্যবহার করে অনায়াসে মোবাইল ফোন ও কম্পিউটার চালাতে পারেন তিনি। গান গাওয়ার প্রতিও রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে পুরস্কার ও প্রশংসাও পেয়েছেন।
কাউনিয়া মহিলা কলেজের কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব নফিকুল ইসলাম জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকে। তবে কলি অন্য শিক্ষার্থীদের সঙ্গে বসেই পরীক্ষা দিতে চেয়েছিলেন। তাঁর আগ্রহকে গুরুত্ব দিয়ে ৩০২ নম্বর কক্ষে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট সময়ও পেয়েছিলেন তিনি। সব পরীক্ষা শেষ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কলি।
কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন কলি। তাঁর এই অর্জনে তাঁরা আনন্দিত ও গর্বিত। এর আগে এসএসসি পরীক্ষাতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এবার এইচএসসিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে কলি বলেন, উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হতে চান তিনি। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা যেন জীবনের লক্ষ্য অর্জনে বাধা হয়ে না দাঁড়ায়, নিজের সাফল্যের মাধ্যমে সেই বার্তাই দিতে চান কলি।
স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সবার আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন কলি ও তাঁর পরিবার।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com