ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক :
প্রকাশিত : ০৩:৫৪ এএম, ১৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্যের রহস্য খুঁজতে হাজারো বানর নিয়ে গবেষণা

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ১৩ নভেম্বর ২০২৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা ঘিরে বানরের ওপর বার্ধক্যবিষয়ক গবেষণা।

আন্তর্জাতিক :

মৃত্যুকে কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে মানুষ কি ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে? এমন সম্ভাবনা খুঁজতেই রাশিয়ায় জোরদার হয়েছে দীর্ঘায়ু নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। আর এ গবেষণার অন্যতম বড় ক্ষেত্র হয়ে উঠেছে হাজার হাজার বানর। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে বার্ধক্যের জৈবিক রহস্য খুঁজছেন রুশ বিজ্ঞানীরা। লক্ষ্য, মানুষের আয়ু বাড়ানোর নতুন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ গবেষণার বিস্তারিত। এর নেতৃত্বে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে রয়েছে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা।

কোভালচুকের মতে, মানুষের সঙ্গে শারীরবৃত্তীয় মিল বেশি থাকায় প্রাইমেট বা বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

শুধু পরীক্ষা-নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

এদিকে পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এ গবেষণার যোগসূত্র নিয়েও আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া ওই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার বিষয়টিও উঠে আসে।

পরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেও বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে তাঁর মতে, এত দীর্ঘ আয়ুও যথেষ্ট নয়।

মানুষের আয়ু বাড়ানোর লক্ষ্যে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও কাজ চলছে দেশটিতে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।

মানুষকে দীর্ঘায়ু করার গবেষণায় যুক্ত আছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।

সব মিলিয়ে মানুষের স্বাভাবিক আয়ুর সীমা অতিক্রম করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় চলছে নানা ধরনের গবেষণা। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য খুঁজে পেলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, এমন কোনো নিশ্চয়তা এখনো নেই। মৃত্যুকে ফাঁকি দেওয়ার এই বৈজ্ঞানিক অভিযানে রাশিয়া কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও অনেক দিন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com