শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে ভারতের অবস্থান ও সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা চলছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দিল্লির অবস্থান, সম্ভাব্য শর্ত এবং কূটনৈতিক হিসাব-নিকাশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।
প্রতিবেদনটিতে দিল্লির বিভিন্ন সরকারি ও সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। ভারত মনে করছে, তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা অতীতে সফল না হওয়ায় বাংলাদেশে ফিরে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াই বাস্তবসম্মত বিকল্প হতে পারে। তবে বিষয়টি নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান ভারতের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়ছে ভারত। অন্য কোনো দেশে তাঁকে পাঠানোর বিষয়ে অতীতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হলেও তা সফল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের দুটি প্রধান শর্ত রয়েছে বলে দিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
প্রথমত, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশের সেনাবাহিনীকেই করতে হবে। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজে দিল্লি থেকে তাঁকে নিয়ে যাওয়া অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে হস্তান্তরের ব্যবস্থা হতে পারে। এ ধরনের যাতায়াতের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দ্বিতীয়ত, দেশে ফেরার পর শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাইয়ের ঘটনাসংক্রান্ত মামলায় নতুন করে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন, সে নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে বলে দিল্লির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এড়াতে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে সতর্ক ভারত।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায়। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। তবে ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মতো পদক্ষেপ নিতে চায় না দিল্লি। কারণ, তিনি ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তাঁকে এভাবে ফেরত পাঠালে অন্য দেশগুলোর ভারতপন্থী রাজনীতিকদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করছে দিল্লি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্ট প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই আশ্রয় দিয়েছিল। তখন তিনি কোনো আদালতে দণ্ডিত ছিলেন না। ভারতের দৃষ্টিতে তাঁর সেই অবস্থানের পরিবর্তন হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু আইনি সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হচ্ছে বলে দাবি করেছে বিবিসি।
শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর ভূমিকার বিষয়টিও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতের কর্মকর্তাদের মতে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীর নেওয়া উচিত। এ বিষয়ে দিল্লি ঢাকার সঙ্গে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বলেও বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ডিসেম্বরে ফেরা কতটা সম্ভব?
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। তবে দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, তাঁদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে তাঁকে ফেরত চাইলেও বাস্তবে তাঁর প্রত্যাবর্তন চায় না। তাঁদের মতে, জ্বালানি সংকট, পোশাকশ্রমিকদের আন্দোলনসহ নানা অভ্যন্তরীণ সমস্যার মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে।
এ ছাড়া প্রত্যাবর্তনের জন্য ভারতের শর্ত, বাংলাদেশের অবস্থান এবং বিচারপ্রক্রিয়া নিয়ে সমঝোতার মতো একাধিক বিষয় এখনো অনিষ্পন্ন রয়েছে। ফলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সব বিষয়ে সমাধান হওয়ার সম্ভাবনা কম বলে দিল্লির পর্যবেক্ষকদের অভিমত তুলে ধরেছে বিবিসি। তাদের মতে, বড় কোনো পরিবর্তন না হলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ।
শেখ হাসিনার ফেরার ঘোষণা থেকে ভারতের কূটনৈতিক লাভ কী?
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও তাঁর ফেরার ঘোষণাকে কূটনৈতিকভাবে কাজে লাগাতে পারে ভারত। দিল্লির এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তখন বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা কারণে তাঁকে ফিরিয়ে নিতে পারেনি।
এ ছাড়া শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় ভারত—দিল্লির এমন অবস্থানের সঙ্গে বিষয়টি সম্পর্কিত বলে বিশ্লেষণ করেছে বিবিসি।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলে তাঁর অবস্থানকে ন্যায্যতা দেওয়ার পক্ষে দিল্লির হাতে অতিরিক্ত যুক্তি থাকবে বলে মনে করছেন সেখানকার কর্মকর্তারা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com