মেট্রোরেল। ফাইল ছবি
জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কের একটি ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে প্রতিষ্ঠানটি এ কাজের চুক্তি পেয়েছে।
চুক্তির আওতায় ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ মূল লাইন নির্মাণ করা হবে। এ কাজের মধ্যে রয়েছে পূর্তকাজ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিং এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থা স্থাপন।
প্রকল্পের আওতায় খিলক্ষেত, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও বিমানবন্দর এলাকায় তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া উত্তর প্রান্তে একটি শ্যাফট নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এক বিবৃতিতে টাটা প্রজেক্টস জানিয়েছে, নিশিমাতসু-টিপিএল-তোদা যৌথ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের মেট্রোরেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ নির্মাণের জন্য ডিএমটিসিএলের কাছ থেকে সিপি০৬ প্যাকেজের কাজ পেয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড (টিপিএল)।
কোম্পানিটির মতে, এ প্রকল্প সমন্বিত প্রকৌশল ও নির্মাণকাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে জটিল মেট্রোরেল অবকাঠামো নির্মাণে তাদের সক্ষমতাও তুলে ধরবে।
টাটা প্রজেক্টস আরও বলেছে, ঢাকার নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এ প্রকল্প।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং প্রধান প্রবৃদ্ধি ও কৌশলবিষয়ক কর্মকর্তা রাজীব মেনন বলেন, নগরায়ণের কারণে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারগুলোতে মেট্রোরেল ও রেল নেটওয়ার্কে বড় ধরনের বিনিয়োগ হচ্ছে। ঢাকার এ প্রকল্প সরকার, উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ইপিসি কোম্পানিগুলোর কাছে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে টাটা প্রজেক্টসের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশা করছেন।
তিনি আরও বলেন, দক্ষ প্রকল্প বাস্তবায়ন, প্রকৌশলগত উৎকর্ষ এবং স্থানীয় পর্যায়ে কাজ সম্পন্ন করার সক্ষমতা রয়েছে—এমন অংশীদার খুঁজছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকার প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে টাটা প্রজেক্টসের গ্রহণযোগ্যতা বাড়বে।
টাটা প্রজেক্টস প্রযুক্তিনির্ভর একটি প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) প্রতিষ্ঠান। কোম্পানিটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানাসহ বৃহৎ ও জটিল নগর ও শিল্প অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com