ব্যাংকে কয়েন মজুত থাকার দাবি থাকলেও খুচরা টাকার অভাবে চকলেট ও সিভিট দিয়ে বাকি মেটাচ্ছেন দোকানিরা
দোকানে পণ্য কিনে দাম পরিশোধের পর বাকি টাকা ফেরত পাওয়ার কথা ক্রেতার। কিন্তু খুচরা কয়েন নেই—এমন অজুহাতে অনেক দোকানেই ক্রেতাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট। ফার্মেসিতে ওষুধ কিনে ভাংতি না পেয়ে বাধ্য হয়ে নিতে হচ্ছে ভিটামিন-সি ট্যাবলেট ‘সিভিট’। কোথাও আবার চকলেট বা সিভিটও মিলছে না। ফলে পাওনা টাকা না পেয়েই দোকান ছাড়তে হচ্ছে ক্রেতাদের।
ছোট অঙ্কের এই লেনদেনে প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তৈরি হচ্ছে বিরোধ ও অসন্তোষ।
বাংলাদেশ ব্যাংকের দাবি, দেশে এক ও পাঁচ টাকার কয়েনের কোনো ঘাটতি নেই। বাণিজ্যিক ব্যাংকগুলোতে এসব কয়েনের পর্যাপ্ত মজুত রয়েছে। মূল সমস্যা কয়েনের সুষম বণ্টন না হওয়া, ব্যাংকের শাখাগুলোর সরবরাহে অনীহা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কয়েন নিতে না চাওয়ার প্রবণতা। তবে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তার ভাষ্য, দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে।
রাজধানীর একাধিক ব্যাংকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভল্টে পর্যাপ্ত কয়েন মজুত থাকার পরও গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। কোনো কোনো শাখা সরাসরি জানিয়ে দিচ্ছে, তাদের কাছে কয়েন নেই।
সম্প্রতি গ্রাহক সেজে ডাচ্-বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় গেলে কর্মকর্তারা জানান, তাঁদের কাছে কোনো কয়েন নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই শাখায় বাস্তবে এক টাকার ৮০০টি, দুই টাকার ১৩ হাজার এবং পাঁচ টাকার ৪ হাজার ৮০০টি কয়েন মজুত রয়েছে। তাঁর দাবি, কয়েন গোনার ঝামেলা এবং ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের কয়েন দিতে চান না।
এ বিষয়ে জানতে ডাচ্-বাংলা ব্যাংকের মুখপাত্র নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে প্রধান কার্যালয়ে তাঁর দপ্তরে গেলে এ বিষয়ে কথা না বলে অন্য কোনো শাখায় যোগাযোগের পরামর্শ দেন।
মতিঝিলের সোনালী ও রূপালী ব্যাংকের করপোরেট শাখায়ও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইয়েদা মনোয়ারা খাতুন বলেন, তাঁদের কাছে বর্তমানে কোনো কয়েন নেই। বাংলাদেশ ব্যাংক কয়েন সরবরাহ করলে তাঁরা গ্রাহকদের দেন।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দেশে এক ও পাঁচ টাকার পর্যাপ্ত কয়েন ও নোট রয়েছে। তবে দুই টাকার কয়েনের কিছুটা ঘাটতি আছে। তাঁর মতে, গ্রাহক ও দোকানদারদের মধ্যেও কয়েন নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় বাজারে এসব মুদ্রার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
রাজধানীর মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকানে খুচরা টাকার সংকটের প্রভাব বেশি দেখা যাচ্ছে। মতিঝিলের চা বিক্রেতা নুরু মিয়া বলেন, তাঁদের কাছে সব সময় পর্যাপ্ত ভাংতি থাকে না। ক্রেতারা বড় নোট দিলে বাকি টাকা ফেরত দেওয়ার মতো কয়েন পাওয়া কঠিন হয়ে পড়ে। ব্যাংক থেকেও প্রয়োজনমতো খুচরা টাকা সংগ্রহ করা যায় না।
তাঁর দাবি, অনেক সময় পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে খুচরা টাকা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু ভাংতি না থাকায় বাধ্য হয়ে ক্রেতাদের চকলেট দিতে হয়।
মানিকনগরের একটি ফার্মেসির দোকানি তারেক বলেন, ক্রেতাদের দুই বা পাঁচ টাকা ফেরত দেওয়ার মতো কয়েন কিংবা খুচরা নোট তাঁদের কাছে থাকে না। এ কারণে অনেক সময় সিভিট দিতে হয়। ব্যাংকে গেলেও খুচরা টাকা পাওয়া কঠিন।
মতিঝিলের রিকশাচালক হাবিব বলেন, দোকানদারকে ১০ টাকা দিলে অনেক সময় দুই টাকা ফেরত না দিয়ে চকলেট ধরিয়ে দেওয়া হয়। তাঁর প্রশ্ন, ‘এ বয়সে কি আমি চকলেট খাব?’ এ নিয়ে দোকানদারদের সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহক ব্যাংকে গিয়ে কয়েন চাইলে ব্যাংক তা সরবরাহ করতে বাধ্য। একইভাবে কোনো গ্রাহক কয়েন জমা দিতে চাইলে তা গ্রহণ করারও বাধ্যবাধকতা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রাহক রিকশাচালক হোন কিংবা সাধারণ মানুষ—ব্যাংকে কয়েন চাওয়া বা জমা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও কোনো গ্রাহককে কয়েন দিতে অস্বীকৃতি জানানো যাবে না।
এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর এক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক, দুই ও পাঁচ টাকার কয়েন নির্বিঘ্নে বিনিময়ের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্থানীয় ও ফিডিং শাখাগুলোতে নির্দিষ্ট পরিমাণ কয়েন সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়।
বাংলাদেশে নিজস্ব কারখানায় কয়েন উৎপাদন হয় না। ফলে বিদেশ থেকে আমদানি করতে হয় এসব মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এক টাকার একটি কয়েন আমদানিতে তিন থেকে চার টাকা পর্যন্ত খরচ হয়। ২০১০ সালের পর থেকে দেশে নতুন করে কোনো কয়েন আমদানি করা হয়নি। দীর্ঘদিন নতুন সরবরাহ না থাকায় বাজারে থাকা কয়েনের একটি অংশ মানুষের ঘরে জমা হয়ে আছে। কিছু কয়েন আবার অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একসময় ব্যাংকগুলো কয়েন জমা রাখতে চাইত না—এমন অভিযোগ ছিল। মানুষ বস্তায় বস্তায় কয়েন নিয়ে ব্যাংকে আসত। কিন্তু এখন মানুষ কেন কয়েন নিতে চাইছে না, তা বোধগম্য নয়।
তিনি আরও বলেন, কোনো কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে কয়েন দেওয়া না হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com