হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান
নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান বলেন, দলের কিছু নেতাকর্মী চর দখল, মহিষের জন্য ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। মুখে এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেও বাস্তবে অনেকে এমন কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের এসব অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের কেউ কেউ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি তাঁদের এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।
নিজের স্বচ্ছতার প্রসঙ্গ তুলে হুইপ বলেন, তিনি প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করেন। তাঁর বিরুদ্ধে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ ঘুষ নেওয়ার অভিযোগ তুলতে পেরেছেন কি না, সেই প্রশ্নও রাখেন তিনি। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ না থাকলে দলের নেতাকর্মীরা কেন অনিয়মে জড়াবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।
গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন জানিয়ে নিজান বলেন, নেতাকর্মীদের একটি অংশকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। হতাশা প্রকাশ করে তিনি বলেন, কাউকে দল থেকে বহিষ্কার করেও থামাতে পারেননি। এখন কি তাঁদের জেলে পাঠাবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে ধরেন হুইপ। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই তিনি মুক্তি পেয়েছেন। এ সময় খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মানের কথাও উল্লেখ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন নিজান। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থীর নিজের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান।
ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com