ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:৪৯ এএম, ১৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩:৪৯ এএম, ১৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল রিপোর্ট :

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের তালিকায় তারেক রহমান ছাড়াও বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে রাখা হয়েছে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটির এই বিজয়ের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে বিএনপি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবারই প্রথম তিনি ‘দ্য মুসলিম ৫০০’-এর তালিকায় জায়গা পেয়েছেন বলে প্রকাশনাটিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের অন্য দুই ব্যক্তিত্বের মধ্যে ড. হামিদা হোসেন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় স্থান পেয়ে আসছেন।

অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য তিনি পরিচিত।

উল্লেখ্য, ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়।

বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com