এনসিপির সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মিতু। তিনি জানান, একটি ভারতীয় নম্বর থেকে পাঠানো বার্তায় প্রেরক নিজেকে বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দেওয়া এবং পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত লরেন্স বিষ্ণোই হিসেবে পরিচয় দিয়েছেন।
এনসিপির আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পরদিন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন মিতু। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর হুমকির বিষয়টিও আগের ঘটনার মতো গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে।
একই ফেসবুক পোস্টে জাতীয় সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদকে ‘বেয়াদব’ বলার প্রতিবাদে নিজের আবেগপ্রবণ হয়ে পড়ার কারণও ব্যাখ্যা করেন মিতু। এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথাও স্মরণ করেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মিতু দ্রুত এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন।
তবে হুমকি দেওয়া ব্যক্তি প্রকৃতপক্ষে লরেন্স বিষ্ণোই বা তাঁর গ্যাংয়ের সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com