সংগৃহীত
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, যুক্তরাজ্যে বাংলাদেশ সংশ্লিষ্ট প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে এসব সম্পদ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
আলোচনায় গভর্নর ব্যাংকিং খাতের সংস্কার, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ নিয়ে চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে বেশ কয়েকটি কাঠামোগত পরিবর্তন ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ব্যাংকগুলোর প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের কাজ শেষ হলে সংস্কার কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
গভর্নর বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি বড় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ঋণ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অর্থঋণ আদালত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আদায় না হওয়া ঋণ ব্যবস্থাপনার জন্য নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।
ডিজিটাল আর্থিক খাত প্রসঙ্গে মো. মোস্তাকুর রহমান বলেন, দেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এর আওতায় ডিজিটাল ক্ষুদ্রঋণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন এবং আধুনিক ক্রেডিট তথ্যব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান ওয়ালেট’ ধারণার বাস্তবায়ন দেশের ডিজিটাল আর্থিক সেবাকে নতুন মাত্রা দেবে। পাশাপাশি বাংলা কিউআরভিত্তিক নগদহীন লেনদেন সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।
বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা অনুমোদনের বিষয়ে গভর্নর জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে অতিরিক্ত ডলার বরাদ্দের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।
এছাড়া আমদানি ব্যয় কমাতে ইউপাস এলসির বিল ডিসকাউন্টিংয়ের সুদের হার হ্রাস করা হয়েছে, যা বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের প্রতিনিধিরা ব্যাংকিং খাতের উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। উভয় পক্ষ দেশের আর্থিক খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com