ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সাত বছরের সংসার ভেঙে তিন শতাধিক বিয়ের প্রস্তাব, ইতির চাওয়া একটি চাকরি

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৬ নভেম্বর ২০২৬

সাত বছরের সংসার ভেঙে যাওয়ার পর চাকরি ও কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন বরিশালের ইতি আক্তার।

ডিজিটাল রিপোর্ট :

সাত বছরের দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে একসময় স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি আক্তার। চেয়েছিলেন আরও ছয় মাস সময়। কিন্তু শেষ পর্যন্ত সন্তান না হওয়াকে কেন্দ্র করে ভেঙে যায় তাঁর সংসার। বিচ্ছেদের পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেলেও নতুন করে সংসার গড়ার চেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বরিশালের হিজলা উপজেলার এই নারী। এখন তাঁর একটাই চাওয়া—একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগ।

ইতি আক্তার বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা। সাত বছর আগে ভালোবাসা ও নানা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাঁর দাম্পত্য জীবন। তবে সন্তান না হওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে স্বামীর পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়।

ইতির অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক চাপ, অপমান ও নানা কটূক্তি সহ্য করতে হয়েছে। একপর্যায়ে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।

সংসার টিকিয়ে রাখতে স্বামীর কাছে ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার আকুতি জানিয়েছিলেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামীর। শেষ পর্যন্ত তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

গত ১৫ নভেম্বর নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা জানান ইতি। অতীতের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। তবে আপাতত নতুন করে বিয়ে নয়, বরং একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সামর্থ্যের প্রায় সবটুকুই ব্যয় করেছেন বাবা রফিক আলী সরদার। মেয়ের সুখের আশায় জমি বন্ধক রেখেছেন, কৃষিজমি নিয়েছেন, এমনকি গাছপালাও বিক্রি করে জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদার পূরণেও কার্পণ্য করেননি তিনি।

মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি বাবা। কিন্তু এত চেষ্টার পরও মেয়ের সংসার টিকিয়ে রাখতে না পারায় এখন তাঁর একটাই প্রত্যাশা—ইতি যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারেন।

ইতি জানান, সংসার ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। ভাইরাল হওয়ার পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব নিয়ে ফোন আসছে। তবে এসব প্রস্তাবের পরও আপাতত নতুন করে সংসার গড়তে চান না ইতি।

অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় চান তিনি। ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টি মেনে নেবেন। এ নিয়ে কোনো ধরনের মানসিক চাপ, অপমান কিংবা কটূক্তির মুখোমুখি হতে চান না তিনি।

ইতির কাছে এখন সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে চান তিনি। কাজের মাধ্যমে নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এই তরুণী। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রফিক আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিজমি নেওয়া, গাছপালা বিক্রি করা—কোনো কিছুই বাদ দেননি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তাঁর আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তাঁর এক সহপাঠী। তাঁর মতে, সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাঁকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

সাত বছরের সংসার ভেঙে যাওয়ার পর তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেলেও নতুন সম্পর্কের চেয়ে আত্মনির্ভরশীল হওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন ইতি। একটি কর্মসংস্থানের সুযোগ পেলে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবেন বলে আশা তাঁর।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com