সংঘর্ষে লিপ্ত বিএনপির নেতাকর্মীরা এবং ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত
রাজধানীর ডগাইর-বামৈল এলাকায় খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) ডগাইর-বামৈল এলাকায় খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
এদিকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈল এলাকার ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ডিএসসিসি। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। কাজ সম্পন্ন হলে ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৮ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
এই কার্যক্রমের আওতায় কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এ জন্য প্রায় ৪৪ হাজার ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।
প্রকল্পের আওতায় কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোড-সংলগ্ন শূন্য দশমিক ৭৫ কিলোমিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষে খালের দুই পাশে বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, খালে পলিথিন ও আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। খালের জায়গায় কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাশত করা হবে না।
জনসাধারণের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে সিটি করপোরেশনের অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হবে বলেও জানান প্রশাসক। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ডিএসসিসি সূত্র জানায়, খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থলও কমবে। এতে ডেঙ্গু প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া খালের পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, দলের সবাইকে সভাপতি-সাধারণ সম্পাদক বানানো সম্ভব নয়। এ বক্তব্যের কিছু সময় পর অনুষ্ঠানের শেষ দিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রশাসকের সামনেই এ ঘটনা ঘটলে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com