এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালিগালাজের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানান সামান্তা শারমিন। তিনি বলেন, একই দিন দুপুর ১২টা ২৭ মিনিটে ওই ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য বলে পরিচয় দেন তিনি।
সামান্তা শারমিনের ভাষ্য, প্রথমবার ফোন আসার সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি পুরো কথা শুনতে পারেননি। পরে ওই ব্যক্তি আবার ফোন করলে তিনি কলটি রিসিভ করেন। তখন নিজেকে সবুজ খান পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, কিছুদিনের মধ্যে তাঁকে ‘জয় বাংলা’ করে দেওয়া হবে।
এ বক্তব্যের অর্থ জানতে চাইলে ওই ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করেন সামান্তা। একপর্যায়ে তিনি জানতে চান, ওই ব্যক্তি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে রয়েছেন, বরগুনার কোথায় থাকেন এবং ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। পরে নিজেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ফেসবুক পোস্টে সামান্তা আরও উল্লেখ করেন, ফোন করা ব্যক্তি বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিলেও সংগঠনটিতে তাঁর পদ-পদবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বাংলায় দলটির কোনো ঠিকানা হবে না।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন সামান্তা শারমিন। তিনি বলেন, রোববারই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সামান্তা শারমিন। পরে তরুণেরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com