ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:২২ এএম, ১৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এনআইডি ও টাকা সংগ্রহ, বিক্রি সিম!

প্রকাশিত : ০৮:২২ এএম, ১৮ নভেম্বর ২০২৬

নান্দাইলের পণ্ডিতপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সিম বিক্রির অভিযোগ উঠেছে

ডিজিটাল রিপোর্ট :

ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মাইকিং করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ২০০ টাকা সংগ্রহের পর গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়া স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে ফ্যামিলি কার্ডের বিষয়ে ঘোষণা প্রচার করেন। মসজিদের ইমাম আব্দুল মান্নানের মাধ্যমে জানানো হয়, ফ্যামিলি কার্ড পেতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে বুধবার সকালে রুবেল মিয়ার দোকানে যেতে হবে।

এ ঘোষণায় ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় গ্রামের শত শত দরিদ্র ও অসহায় নারী দোকানটিতে ভিড় করেন। অভিযোগ রয়েছে, সেখানে প্রত্যেক নারীর কাছে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোনের সিম বিক্রি করা হয়। এমনকি সিম না কিনলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও জানানো হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে প্রশাসনকে খবর দেন।

রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচারের কথা অস্বীকার করেন। তার দাবি, মাইকিংয়ের সময় মসজিদের ইমাম ভুল করে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। তবে ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের বিষয়ে ঘোষণা দিতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের বাসিন্দা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে সরে যান অভিযোগের কেন্দ্রে থাকা রুবেল মিয়া।

স্থানীয় বাসিন্দা রিপন, আরজু ও তাহের উদ্দিন মাস্টার এবং ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিং শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তারা দোকানে গিয়েছিলেন। সেখানে গিয়ে ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে পরবর্তী সময়ে বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com