২০১৫ সালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরা ছবিটি শেয়ার করেছেন রবিউল ইসলাম নয়ন
২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবিতে হাসপাতালের বিছানায় তাঁর হাতে হাতকড়া দেখা যায়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওই সময়ের নির্যাতন, চিকিৎসা না পাওয়ার যন্ত্রণা এবং হাসপাতালে তাঁর পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণ করেন তিনি।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন জানান, ছবিটি ২০১৫ সালের। তাঁর দাবি, তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শটগান ঠেকিয়ে গুলি করে ড্রেনের সুড়ঙ্গে ফেলে দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বিনা চিকিৎসায় কাটানো দিনগুলোর কথা উল্লেখ করে নয়ন লেখেন, সেই স্মৃতি মনে পড়লে এখনো তাঁর চোখ ভিজে ওঠে। তাঁর ভাষ্য, সে সময় চিকিৎসকেরা তাঁকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বিছানায় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করলেও চাকরি হারানোর ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস করতেন না।
চিকিৎসাধীন অবস্থায় ঝুঁকি নিয়ে পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নয়ন জানান, ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক সহকর্মী নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে তাঁর খোঁজখবর নিতে যেতেন। পাশে বসে সাহস দিতেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দিতেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ছবিতে তাঁর পাশে থাকা ব্যক্তির নাম হুমায়ূন কবির ভুঁইয়া হীরা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ছিলেন বলে জানান নয়ন। সেই সময় পাশে থাকা সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com