ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:১৯ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

প্রকাশিত : ০৮:১৯ এএম, ২২ নভেম্বর ২০২৬

৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবোঝাই কার্গো জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, জাহাজটিতে থাকা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। জাহাজটিতে বিপুলসংখ্যক খালি ৪জি এলটিই সিম কার্ডও পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আটক করা হয়। জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া সেখানে লাখ লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড ছিল।

আন্তারা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয়।

সোডিয়াম পারক্লোরেট একটি জারক রাসায়নিক যৌগ। এটি অন্যান্য পদার্থের সঙ্গে মিশিয়ে রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সুমাত্রা অঞ্চলে চোরাচালানের দুটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম অভিযানটি হয় ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায়। এ সময় এমভি স্টার লাইন আটক করা হয়।

অন্যদিকে, গত ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের আরেকটি চেষ্টা ব্যর্থ করেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। ওই অভিযানে ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়। কর্মকর্তারা একটি বস্তার ভেতর চীনা টি-ব্যাগে মোড়ানো ২০টি প্যাকেটে এসব মাদক পান।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার এবং সামুদ্রিক অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলেই অভিযান দুটি সফল হয়েছে।

দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটির কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। এসব নথির বৈধতাও স্থগিত করা হয়েছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেনি সেপ্টিয়ানা বলেন, প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অভিযানটি চালানো হয়েছে। রাসায়নিকগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে জাহাজে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তদন্ত এখনো চলছে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com