গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের জোর করে স্লোগান দেওয়ানোর অভিযোগে আলোচনায় ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসান।
গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন এবং জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাবিদ হাসান। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত বুধবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সাবিদ হাসানকে একদল যুবকের সঙ্গে বাসের যাত্রীদের মুখোমুখি অবস্থানে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ভিডিওটি প্রায় সাত লাখ মানুষ দেখেছেন। এতে দেখা যায়, একদল যুবক চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ সময় যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে এক যাত্রীর সামনে ছুরি প্রদর্শন করে তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি তল্লাশি করা হয়।
ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার দেওয়া তথ্য এবং অনুসন্ধানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি পান। তবে পরবর্তী সময়ে মিল্লাদ হোসেন তাঁকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন বলে জানা গেছে।
এখনো ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সাবিদ—এমন অভিযোগও রয়েছে। এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের দক্ষিণ ছাত্রাবাসের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় তাঁর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের অন্য সদস্যদেরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি আছে।
এদিকে সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে তিনি প্রতিবেদন প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, একদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়ানোর অভিযোগ উঠছে, অন্যদিকে সেই বলয়ের একজনের বিরুদ্ধে গোপালগঞ্জে বাস থামিয়ে যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ রয়েছে। এ ধরনের বিষয়ে সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী মাসুদ রানাও ফেসবুকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সংগঠনে দীর্ঘদিন কাজ করা ও আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া কর্মীদের চেয়ে কখনো কখনো ব্যক্তিগত বলয় বা কোরাম রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি কর্মীদের ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে সাংগঠনিক পদ দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর সাবিদ তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তাঁকে ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে বিবেচনা করা হতো। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তাঁর পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রম বা কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণও ছিল না।
মিল্লাদ হোসেন আরও বলেন, সাবিদের বাড়ি গোপালগঞ্জে এবং তাঁর পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি তাঁরা আগে জানতেন না। বিষয়টি জানতে তাঁদের কিছুটা সময় লেগেছে। তবে গত ছয়-সাত মাস ধরে সাবিদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই।
তিনি বলেন, সাবিদকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ধরনের কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করার আগে তাঁদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ে আরও সতর্ক থাকার কথাও জানান তিনি।
অভিযুক্ত সাবিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com