যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটিতে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবনায় শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ খালেদা জিয়ার নামে নামকরণের কথা বলা হয়েছে। অংশটি উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত।
শিকাগো সিটি কাউন্সিলের নথিতে প্রস্তাবটির নম্বর O2026-0028408। নথি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর প্রস্তাবটি উত্থাপনের পর সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ, এটি এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্রস্তাবনায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কয়েক দশক ধরে দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
এতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান ও জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির বিষয়টি প্রস্তাবনায় স্থান পেয়েছে।
নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গও এতে উল্লেখ করা হয়েছে।
সড়কের নামকরণের জন্য স্থান নির্বাচনের কারণ হিসেবে প্রস্তাবনায় শিকাগোর উইলিস টাওয়ারের কথা বলা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শহরের স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানের কথাও এতে তুলে ধরা হয়েছে।
প্রস্তাবটি সিটি কাউন্সিলে অনুমোদিত হলে এবং আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট সড়কাংশের সম্মানসূচক নামকরণের ব্যবস্থা নিতে শিকাগোর পরিবহন কমিশনারকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com