প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক বৈঠক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও নাশকতার অভিযোগের প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই উদ্যোগ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্র জানায়, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনার পর প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। দলটি এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে।
সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতেই হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল সৃষ্টির কারণগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন দলটির নেতারা।
বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ আলোচনায় আনতে পারে এনসিপি। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com