ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৫০ এএম, ২২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েই পৃথিবীর পরিধি মেপেছিলেন আল-বিরুনি!

প্রকাশিত : ০১:৫০ এএম, ২২ নভেম্বর ২০২৬

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্ত পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়ের ঐতিহাসিক পদ্ধতির চিত্র।

আন্তর্জাতিক ডেস্ক :

আজ স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির সাহায্যে সহজেই পৃথিবীর আকার ও পরিধি নির্ণয় করা যায়। কিন্তু প্রায় এক হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর ব্যাসার্ধ ও পরিধি হিসাব করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী। তিনি ছিলেন একাদশ শতাব্দীর বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত আবু রায়হান আল-বিরুনি।

আল-বিরুনির আগে পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য সাধারণত দুটি শহরের মধ্যবর্তী দূরত্ব এবং সূর্যের অবস্থানের পার্থক্য পরিমাপ করতে হতো। তবে তিনি ভিন্ন একটি পদ্ধতির কথা ভাবেন। তাঁর লক্ষ্য ছিল, দীর্ঘ পথ পাড়ি না দিয়ে একটি নির্দিষ্ট স্থান থেকেই পৃথিবীর আকার নির্ণয় করা।

একাদশ শতাব্দীর শুরুর দিকে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের নন্দনা দুর্গের কাছে তিনি এ পরীক্ষাটি চালান বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

প্রথমে সমতল ভূমির দুটি নির্দিষ্ট অবস্থান থেকে অ্যাস্ট্রোলেবের সাহায্যে কাছের একটি পাহাড়ের চূড়ার উন্নতি কোণ পরিমাপ করেন তিনি। এরপর ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করেন।

পরবর্তী ধাপে পাহাড়ের চূড়ায় উঠে দিগন্তরেখা কতটা নিচে নেমে গেছে, সেই অবনতি কোণ পরিমাপ করেন আল-বিরুনি। তাঁর হিসাব অনুযায়ী, এই কোণ ছিল প্রায় ৩৪ আর্কমিনিট বা আধা ডিগ্রির কিছু বেশি।

এরপর পাহাড়ের চূড়া, দিগন্তরেখা ও পৃথিবীর কেন্দ্রকে যুক্ত করে একটি সমকোণী ত্রিভুজের ধারণা তৈরি করেন তিনি। ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে সেই ত্রিভুজের সাহায্যে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন। সেখান থেকেই হিসাব করা সম্ভব হয় পৃথিবীর পরিধিও।

আধুনিক এককে রূপান্তর করলে তাঁর নির্ণীত পৃথিবীর ব্যাসার্ধের মান প্রায় ৬ হাজার ৩৩৯.৬ কিলোমিটার। অন্যদিকে, আধুনিক পরিমাপে পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় ৬ হাজার ৩৭১ কিলোমিটার। অর্থাৎ দুই হিসাবের ব্যবধান ১ শতাংশেরও কম।

আধুনিক প্রযুক্তি ছাড়াই পর্যবেক্ষণ, জ্যামিতি ও ত্রিকোণমিতির সমন্বয়ে আল-বিরুনির এই পদ্ধতি বিজ্ঞান ও গণিতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তাঁর এই পরীক্ষা দেখিয়েছিল, সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি ও গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে সীমিত উপকরণেও জটিল সমস্যার সমাধান করা সম্ভব।

বিজ্ঞান বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com