ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ঠেকানোর দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেছেন, আওয়ামী লীগের আন্দোলন সরকারের বিরুদ্ধে। তাই তা মোকাবিলা করার দায়িত্বও সরকারের। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তখন বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানাতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিরোধী দলের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে বলে দাবি করছে, তাই তাদের আন্দোলন মোকাবিলার দায়িত্ব সরকারেরই।
তিনি আরও বলেন, বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন করাও যৌক্তিক নয়। কারণ, তাদের দাবি-দাওয়া মূলত রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে। রাষ্ট্র তাদের গ্রেপ্তার করছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ-সুবিধা দিচ্ছে না—এমন অভিযোগ থেকেই তারা আন্দোলন করছে।
তবে বিরোধী দলের পক্ষ থেকেও আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানান ছাত্রশিবির সভাপতি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় মিছিল, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ক্যাম্পাসগুলোতেও এ ধরনের কর্মসূচি হয়েছে, যাতে আওয়ামী লীগ দেশজুড়ে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নাগরিক অধিকার ও সচেতনতার জায়গা থেকে তাঁরা এসব কর্মসূচি পালন করছেন। তবে মূল দায়িত্ব সরকারের। সরকার যদি পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানাতে পারে। আওয়ামী লীগকে প্রতিরোধ করার সক্ষমতা তাঁদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, বই, কলম, চাবির রিং, টেবিল ক্যালেন্ডার, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করা হয়। পরে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com