সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডন।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামীকাল বৃহস্পতিবার এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, ডনকে জিজ্ঞাসাবাদ করা গেলে মামলার গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের রহস্যে ঘেরা সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন করে তদন্ত করছে সিআইডি। ডনের কাছ থেকে মামলার অন্য আসামিদের ভূমিকা, মৃত্যুর সম্ভাব্য কারণ এবং ঘটনার সময়কার বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পাওয়ার আশা করছেন তারা। অন্য আসামিদের গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার বেনজির আহমেদ বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। তিনি দাবি করেন, মামলার আরও কয়েকজন আসামি দেশে অবস্থান করলেও তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
নীলা চৌধুরীর অভিযোগ, সালমান শাহর মৃত্যুর পেছনে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বিরোধের ভূমিকা ছিল। এছাড়া সোহান, সুকুমার রঞ্জন ও আনন্দ ফিল্মসের সঙ্গেও সালমানের বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অপেক্ষাকৃত ছোট প্রযোজকদের সঙ্গে কাজ করায় চলচ্চিত্র অঙ্গনের একটি পক্ষ সালমানের ওপর ক্ষুব্ধ ছিল।
সালমান শাহর মা ঘটনাটিকে ‘ফিল্মি পলিটিক্স’ হিসেবে উল্লেখ করে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com