মেহেরপুরে কলেজছাত্রী ও তার বাবা-মায়ের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মেহেরপুর শহরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্মৃতি খাতুন নামে এক কলেজছাত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনও।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ডমার্কেট এলাকায় সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন ও মেয়ে স্মৃতি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে সায়ন সেখানে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে কোপের আঘাতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
স্মৃতির চিৎকার শুনে তার বাবা-মা পাশের কক্ষ থেকে বের হয়ে মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন। তখন সায়ন তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সায়ন পলাতক রয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com