খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থরা হলেন—চাড়খালী গ্রামের ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। এরপর সকাল পর্যন্ত কারও জ্ঞান ফেরেনি। সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনজনকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ঘরের একটি ট্রাংকের তালা খোলা ছিল এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, ওই ট্রাংকে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল ছিল। পরে সেগুলো আর পাওয়া যায়নি।
প্রতিবেশী ফিরোজ মল্লিক বলেন, খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে তিনজনকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তখন তাঁদের অবস্থা বেশ খারাপ ছিল। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়।
আরেক প্রতিবেশী সাথী আক্তার বলেন, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ঘরে ঢুকে তিনজনকে আলাদা জায়গায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।’
আমির হোসেনের বড় ছেলে মিরাজ ঢাকায় চাকরি করেন। তিনি জানান, সকালে প্রতিবেশীদের ফোনে ঘটনাটি জানতে পারেন। তাঁর বাবা, মা ও ছোট ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও মায়ের স্বর্ণের কানের দুলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com