জামালপুরে জব্দ করা ঘোড়ার মাংস ও পিকআপ।
জামালপুরে ১৬ বস্তায় প্রায় ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নরুন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মিরাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপে ১৬ বস্তায় করে প্রায় ৯০০ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ সেটি জব্দ করে।
আটক ব্যক্তিরা হলেন—ঘোড়ার মাংস বিক্রেতা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো. হুমায়ুন (৪০), ক্রেতা গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. শহীদ (৩৫)।
এ ছাড়া পিকআপচালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো. জুয়েল (২৬) এবং হেলপার শরীয়তপুরের জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো. তাসির মিয়া (২৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা একটি চক্রের মাধ্যমে ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলার হোটেল ও রেস্তোরাঁয় বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেনের আদালতে তাদের হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ছয় মাস করে এবং পিকআপচালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে পাঁচজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com