পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন দায়িত্ব বণ্টনের ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার পদে বহাল থাকছেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় কোনো প্রাতিষ্ঠানিক সমস্যা নেই। শুক্রবার রাতেই নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের পর হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলে কোনো অসুবিধা নেই।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com