ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:০০ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে ঠিক করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:০০ এএম, ২১ আগস্ট ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কনিকা রানী মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নিউজ ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যসেবা খাত নিম্নস্তরে নেমে গেছে। এত বছরের সমস্যা এক-দুই মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ১৭ বছরে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল তৈরি করা হয়েছে। এগুলো এখন নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনে গড়ে ওঠা এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।’

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের বাঘুটিয়া গ্রামে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী মণ্ডল (৩৫) মৃত্যুর অভিযোগের বিষয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর ওই নারীর মৃত্যু হয়েছে। এমন ঘটনায় সরকার ব্যথিত। এ কারণেই তিনি সকালে ঢাকা থেকে রাজবাড়ীতে ছুটে এসেছেন।

তিনি আরও বলেন, ‘ঘটনাটি তদন্তে রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রের কাজ শুরুর লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

জানা যায়, গত ২৯ জুন অসুস্থ হয়ে ফরিদপুর শহরের ঝিলটুলীর সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন কনিকা রানী মণ্ডল। চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে ওই দিন সন্ধ্যায় তার সিজারিয়ান অপারেশন করা হয় এবং তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

অপারেশনের পরদিন কনিকার পেট ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও অভিযোগ রয়েছে, তিনি তা গুরুত্ব দিয়ে দেখেননি। পরে অবস্থার অবনতি হলে কনিকাকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভেতরে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত করেন। দীর্ঘ চিকিৎসার পর প্রায় ৫১ দিন পর কনিকার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com