ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫১ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

বাদ জুমা জিয়া উদ্যানে যাবেন মির্জা ফখরুল, সন্ধ্যায় শপথ

প্রকাশিত : ০১:৫১ এএম, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এতে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের অন্যান্য সদস্যরাও তাকে অভিনন্দন জানান।

এদিকে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা সরকারি গেজেটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

গেজেটে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, বর্তমানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন।

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই শপথ পড়াবেন বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com