সহপাঠী আলোকচিত্রী পিয়ারু ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী
নিজের পুরোনো সহপাঠী ও প্রবীণ আলোকচিত্রী শেখ এয়ার আহমেদকে সবার সামনে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এ ঘটনা দেখা যায়।
ভিডিওতে মন্ত্রী তার সহপাঠীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘সে আমার সহপাঠী। সে সয়েল সায়েন্স (মৃত্তিকা বিজ্ঞান) বিভাগে পড়াশোনা করেছে।’ পরে তাকে মঞ্চে ডেকে নেন তিনি।
আলোকচিত্রী শেখ এয়ার আহমেদের পেশার প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণ তিনি এই কাজটি ভালোবাসেন এবং পেশাটির প্রতি নিবেদিত। নিজের পছন্দের কাজের প্রতি ভালোবাসা থেকেই তিনি এখনো এটি করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শেখ এয়ার আহমেদ, যিনি সবার কাছে ‘পিয়ারু ভাই’ নামে পরিচিত, ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় আলোকচিত্রের জগতে যাত্রা শুরু করেন। প্রায় পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য মানুষের ছবি ধারণ করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্মৃতি ও ইতিহাসও তার ক্যামেরায় বন্দী হয়েছে।
৭০ বছর বয়স পেরিয়েও পিয়ারু ভাই এখনো কাঁধে ভারী ক্যামেরার ব্যাগ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে ছুটে যান। নিজের সংগ্রহে থাকা দুর্লভ ছবি ও তথ্য সংরক্ষণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই প্রকাশের স্বপ্নও দেখছেন তিনি।
এক সাক্ষাৎকারে নিজের পেশা সম্পর্কে শেখ এয়ার আহমেদ বলেন, সময়ের সঙ্গে তার কাজের কদর কিছুটা কমলেও ছবি তোলার আগ্রহ কমেনি। এখনো মানুষ তার ক্যামেরার সামনে আগ্রহ নিয়ে দাঁড়ান। তবে আগের তুলনায় ছবি বিক্রির ব্যবসা কমেছে বলে জানান তিনি।
তিনি বলেন, আগে ১০ হাজার ছবি প্রিন্ট করলে প্রায় আট হাজার বিক্রি হয়ে যেত। এখন সেই নিশ্চয়তা নেই। তাই প্রিন্ট করা ছবির অর্ধেক বিক্রি হলেও তিনি সন্তুষ্ট থাকেন। প্রতিবছর অন্তত তিন লাখের মতো ছবি তোলেন বলেও জানান এই প্রবীণ আলোকচিত্রী।
এদিকে, শিক্ষামন্ত্রীর নিজের পুরোনো সহপাঠীকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। অনেকেই এটিকে বন্ধুত্ব ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন।
ফেসবুকে মাহমুদুল হাসান শাহীন নামে একজন মন্তব্য করেন, ‘সর্বোচ্চ জায়গায় থেকেও নিজের বাল্য বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব।’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com